রাজশাহীকে বাসযোগ্য নগরী করতে পরিবেশ ব্যবস্থাপনায় জোর

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০২:৩১ পিএম
রাজশাহীকে বাসযোগ্য নগরী করতে পরিবেশ ব্যবস্থাপনায় জোর
রাজশাহী মহানগরীকে আরও বাসযোগ্য ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণ, জলাধার রক্ষা, সবুজায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের ‘লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল’ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও সুন্দর হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। এ জন্য নগরবাসীর পরামর্শ নিয়ে নগরীকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ চলছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশন ও জিআইজেড দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর তিনি নগরীর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে জিআইজেডকে নতুন প্রকল্প নেওয়ার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে তালাইমারী শহীদ মিনার-সংলগ্ন এলাকায় একটি প্রকল্প গ্রহণ করেছে সংস্থাটি। প্রকল্পের আওতায় এলাকাটিকে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলা হবে। এতে নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের জন্য মনোরম পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, কর্মশালার মাধ্যমে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। এসব অভিজ্ঞতা নগর উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানো সম্ভব হবে। কর্মশালায় প্রকল্পের নগর বনায়ন ও নার্সারি উপদেষ্টা পঞ্চানন কুমার ঢালী, প্রকল্পের উপাদান ব্যবস্থাপক বিপাশা দত্ত এবং প্রশাসনিক বিশেষজ্ঞ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রকল্পের কর্মপরিকল্পনা তুলে ধরেন নগর ও আঞ্চলিক উন্নয়ন উপদেষ্টা মোজাফফর মাহমুদ। এ সময় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন এবং পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সিডিসির নেতারা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে