নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মানা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রোড শোতে এ আহ্বান জানান বক্তারা। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কেবল দিবস পালনই যথেষ্ট নয়; প্রতিদিনের চলাচলে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা ও প্রশিক্ষণ বৃদ্ধি, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং পথচারীদের সতর্ক থাকা প্রয়োজন। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসন, পরিবহন খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রতিও জোর দেন তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবু বকর। এ ছাড়া জেলা ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সড়ক নিরাপত্তা কমিটির প্রতিনিধি এবং স্থানীয় কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুকের সঞ্চালনায় কর্মসূচিটি পালিত হয়।