চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দেবেন আলিস

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৩৪ পিএম
চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দেবেন আলিস

সবশেষ ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। এমন হারের পর আরেকটি খারাপ খবর পায় দল। আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া ডানহাতি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযুক্ত করেন ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচ অফিশিয়ালদের রিপোর্টে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত একটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। জানা গেছে, ভারতের চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন এই মিস্ট্রি স্পিনার। ইতোমধ্যেই ভিসা প্রসেসিংয়ের কাজ করতে দিয়েছেন, ভিসা পাওয়ার পরই ভারতে যাবেন আলিস। এদিকে মিরপুরে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন আলিস। অনুশীলন করেছেন, সঙ্গে দেখা গেছে নাসির আহমেদ নাসুকে। আলিসকে দেখা গেছে তার বোলিং অ্যাকশ্নে কিছুটা পরিবর্তন আনতে।