আলভারেজ ইস্যুতে শাস্তির মুখে বার্সা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৩৬ পিএম
আলভারেজ ইস্যুতে শাস্তির মুখে বার্সা

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করতে গিয়ে জরিমানার মুখে পড়েছে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ হাজার টাকা জরিমানা করেছে। অ্যাতলেটিকোর অভিযোগ, ক্লাবকে লিখিতভাবে না জানিয়েই আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। দলবদলের চেষ্টা ব্যর্থ হওয়ায় আর্জেন্টাইন তারকাকে ধরে রাখতে পেরেছে দিয়েগো সিমিওনের দল। অ্যাতলেটিকো এ ঘটনায় ফিফার কাছেও অভিযোগ করেছিল। তবে বিষয়টি নিজেদের এখতিয়ারভুক্ত নয় বলে জানিয়ে দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মধ্যে বিশ্বকাপ চলাকালে অ্যাতলেটিকো ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ২৬ বছর বয়সী আলভারেজ। এতে ক্লাবটির সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। তবে সম্প্রতি দিপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচজয়ী গোল করার পর সমর্থকদের কাছ থেকে দাঁড়িয়ে সম্মান পান এই ফরোয়ার্ড। ওই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনে অ্যাতলেটিকো। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আলভারেজ বলেন, ‘আমার কথার জন্য আমাদের ভক্তদের কাছে ক্ষমা চাই। আমার কথা বলার ধরন ও মন্তব্য করার সময় ভুল ছিল। আমি তাদের রাগ বুঝতে পারি। তাদের জায়গায় থাকলে আমিও রাগ করতাম, বিশেষ করে যেভাবে তারা প্রতিনিয়ত আমাকে সমর্থন দিয়েছে, সেটা বিবেচনা করলে। গত কয়েক সপ্তাহ সমর্থন পেয়েছি অনেক। এখন আমি আমার উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি।’ আলভারেজের সঙ্গে অ্যাতলেটিকোর চুক্তি রয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। এর আগে ২০১৯ সালেও আঁতোয়ান গ্রিজম্যানকে দলে নেওয়ার ঘটনায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করেছিল অ্যাতলেটিকো। সে সময় ৩০০ ইউরো জরিমানার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়।