ঢ়ুষমারা থানার মোহনগঞ্জে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:১৩ পিএম
ঢ়ুষমারা থানার মোহনগঞ্জে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামের ঢ়ুষমারা থানাধীন মোহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর বাজারে ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, বিকাল ৪.০০ ঘটিকায় মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢ়ুষমারা থানার অফিসার ইনচার্জ এম. আর. সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান। বৈঠকে বক্তারা মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধের কুফল তুলে ধরেন। এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে ঢ়ুষমারা থানার অফিসার ইনচার্জ এম. আর. সাঈদ সন্তানদের নৈতিক শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজরদারি বৃদ্ধি এবং মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। সভাপতির বক্তব্যে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান অবৈধভাবে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার বিষয়টি উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করে যাচ্ছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সম্পর্কে পুলিশকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত ব্যক্তিরা মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে