ঈশ্বরদীতে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ১১:১৩ এএম
ঈশ্বরদীতে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজার সংলগ্ন সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলসহ নানা অনিয়মে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে এবং গ্রেফতারের মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিত ভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও অশালীন বক্তব্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা প্রিন্স মাহমুদ, তহিদুল ইসলাম, সাব্বির হোসেন ও জয় ইসলাম, যুবদল নেতা আতাউর রহমান, মনোয়ার হোসেন মনির, সাজেদুল হোসেন, আকরাম হোসেন ও জাকারিয়া সেন্টু এবং মহিলা দলের নেত্রী আনজু খাতুন ও রনিফা বেগম। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেকমত উল্লাহ কনক। সমাবেশে বক্তারা বলেন, এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারি বিদ্যালয়ের জমি দখলের অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ এবং বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মানববন্ধন থেকে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত, অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে