নিখোঁজের সাড়ে ৩ বছর পর

সেফটিক ট্যাংকে মিলল আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সের কঙ্কাল, আটক ৪

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:০৬ পিএম
সেফটিক ট্যাংকে মিলল আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সের কঙ্কাল, আটক ৪

নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে রহস্যের জট খুলতে শুরু করেছে হবিগঞ্জের মাধবপুরের মহব্বত আলী (৩৯) নিখোঁজের ঘটনা। দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রামনগর গ্রামের ওই বাড়ির সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ উদ্ধার অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন-রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহব্বত আলী একই গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এ কারণে এলাকায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন মহব্বত আলী। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে এ ঘটনায় তাঁর ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর নিখোঁজের রহস্যের কোনো কিনারা হয়নি।

অবশেষে দীর্ঘ অনুসন্ধান, তদন্ত ও প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে নিখোঁজ থাকা মহব্বত আলীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে