কাউখালীতে

ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে ১৪৮ জনের বায়োডাটা জমা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:৩২ পিএম
ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে ১৪৮ জনের বায়োডাটা জমা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় দলীয় সমর্থন পেতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে দলীয় সমর্থন প্রত্যাশীরা উপজেলা বিএনপির কাছে নিজেদের রাজনৈতিক ও সামাজিক জীবনবৃত্তান্ত (বায়োডাটা) জমা দিয়েছেন।

কাউখালী উপজেলা বিএনপির এক বিবৃতিতে জানানো হয়, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এবং উপজেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

গত ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফির কাছে তাদের আবেদন ও রাজনৈতিক-সামাজিক জীবনবৃত্তান্ত জমা দেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, পাঁচটি ইউনিয়নে দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ১০৮ জনসহ মোট ১৪৮ জন তাদের আবেদন ও বায়োডাটা জমা দিয়েছেন। ১নং সয়না রগুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, ২নং আমরাজুড়ী ইউনিয়নের ৬জন, ৩নং সদর ইউনিয়নে ৪জন, ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ১১জন ও ৫নং শিয়ালকাঠী ইউনিয়নে ২ জন চেয়ারম্যান পদে আবেদন করেছেন।

তিনি আরও জানান, জমা পড়া আবেদনগুলো মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের কাছে পাঠানো হবে। পরবর্তীতে তাঁর নির্দেশনা ও পরামর্শক্রমে উপজেলা বিএনপি এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

এদিকে, বায়োডাটা জমা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রার্থী হতে আগ্রহীদের পদচারণায় দলীয় কার্যালয়জুড়ে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই সম্ভাব্য প্রার্থীদের এমন তৎপরতায় উপজেলার রাজনৈতিক অঙ্গনে আগাম নির্বাচনী উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে