সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:৩৫ পিএম
সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুরে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, আকবর আলী, নাদির আহমেদ, রেজাউল হক, অ্যাডভোকেট মাসুক আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম ও জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে সংসদ সদস্য কাজ পরিদর্শনে যান। এ সময় কাজের মান খারাপ দেখে তিনি সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ঠিকাদার তাঁর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন বলে দাবি করেন বক্তারা।

তাঁরা আরও বলেন, নুরুল ইসলাম নুরুল ছাত্ররাজনীতি থেকে উঠে এসে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কিন্তু নির্বাচনের আগে থেকেই দলের একটি অংশ ও একজন সাংবাদিক তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তাঁরা। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তারা সড়ক নির্মাণকাজের ঠিকাদারি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, সফিক নামের যে ব্যক্তি এমপির বিরুদ্ধে  অভিযোগ দিয়েছেন, তিনি ওই কাজের মূল ঠিকাদার নন। ফ্যাসিস্ট সরকারের  পালগঞ্জের একজন ঠিকাদার কাজটি পেয়েছেন বলে তাঁরা দাবি করেন। এ অবস্থায় সফিক কীভাবে ওই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে তদন্ত করে দেখার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, সংসদ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা বন্ধ করতে হবে। সমাবেশে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে