দুঃস্বপ্নের অভিষেক ভুলে নিউজিল্যান্ডে আকিব নাবির নতুন সুযোগ

এফএনএস স্পোর্টস ডেস্ক | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:০৫ পিএম
দুঃস্বপ্নের অভিষেক ভুলে নিউজিল্যান্ডে আকিব নাবির নতুন সুযোগ
ছবি: সংগ্রহীত

ভারতের হয়ে ওয়ানডে অভিষেকটা মোটেও ভালো হয়নি আকিব নাবির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই ১০ ওভার বোলিং করে ৮৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কাশ্মীরের এই পেসার। তবে সেই ব্যর্থতায় জাতীয় দলে তাঁর পথ বন্ধ হচ্ছে না। বরং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের পুরো ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

শুরুতে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডের দলে ছিলেন ২৯ বছর বয়সী আকিব। এবার চোটের কারণে প্রাসিধ কৃষ্ণা ছিটকে পড়ায় প্রথম তিন ম্যাচের দলেও যুক্ত করা হয়েছে তাঁকে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচেই খেলার সুযোগ থাকছে এই ডানহাতি পেসারের সামনে।

আকিব এখন নিউজিল্যান্ডেই আছেন। ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আনুষ্ঠানিক মর্যাদাহীন টেস্ট সিরিজ খেলছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে নিয়েছেন ছয় উইকেট। লাল বলের ক্রিকেটেই মূলত তাঁর উত্থান।

ঘরোয়া ক্রিকেটে গত দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়ে আলোচনায় আসেন আকিব। বিশেষ করে গত মৌসুমে জম্মু ও কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন তিনি।

শুধু প্রথম শ্রেণির ক্রিকেটেই নয়, সীমিত ওভারের ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আকিব। টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিয়েছেন ১৫ উইকেট। এক দিনের ক্রিকেটের বিজয় হাজারে ট্রফিতে তাঁর শিকার ছিল ১৪ উইকেট। ঘরোয়া ক্রিকেটে এমন ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আইপিএলের নিলামেও তাঁকে নিয়ে লড়াই হয়। শেষ পর্যন্ত ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

জাতীয় দলে সুযোগ পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে তাঁকে। গত আগস্টে শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট দলে জায়গা পান জাসপ্রিত বুমরাহর বদলি হিসেবে। জম্মু ও কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়া প্রথম ক্রিকেটারও তিনি। তবে এখনো টেস্ট অভিষেক হয়নি আকিবের।

গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ম্যাচটিতে ১০ ওভার বোলিং করে ৮৪ রান দিলেও কোনো উইকেট পাননি। তবে ৪০৬ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচটি জিতেছিল ভারত।

এবার নিউজিল্যান্ড সফরে নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ পাচ্ছেন আকিব। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর, শেষ হবে ১৫ নভেম্বর। এরপর ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ।

প্রথম তিন ওয়ানডের জন্য ভারতের হালনাগাদ দলে রয়েছেন শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, নামান ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ইশান কিষান, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি (শুধু প্রথম ওয়ানডে) এবং আকিব নাবি।

সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য ঘোষিত দলে অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সহ-অধিনায়ক ইশান কিষান। সেই দলেও রয়েছেন আকিব নাবি। এ ছাড়া আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, নামান ধীর, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

প্রাসিধ কৃষ্ণা বাঁ হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার জন্য আরও সময় নিচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ম্যাচ খেলার উপযোগী হতে তাঁর বোলিংয়ের কাজের চাপ ধীরে ধীরে বাড়ানো প্রয়োজন। ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ানোয় ভারত ‘এ’ দলের হয়ে তৃতীয় আনুষ্ঠানিক মর্যাদাহীন টেস্টে খেলার সুযোগ পেতে পারেন তিনি। এতে টেস্ট সিরিজের আগে ম্যাচ অনুশীলনও হবে তাঁর।