সরাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মানিক পশারীর জানাজায় বাধা ও এসএম হিরোকে লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৫:১২ পিএম
মানিক পশারীর জানাজায় বাধা ও এসএম হিরোকে লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদ

 বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা, আরেকজন বীর মুক্তিযোদ্ধা এস.এম হিরোকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা এবং গত ৩১ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়ার কৃত্রী সন্তান বীর মুক্তিযোদ্ধা এসএম হিরোকে লাঞ্ছিত করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (২ নভেম্বর) সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে মুক্তিযোদ্ধারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর নন। তাঁরা সমগ্র জাতির গর্ব। স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশের স্বাধীনতা। তাঁদের জানাজা-দাফনে বাধা দেওয়া কিংবা প্রকাশ্যে অপমান করা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও বেদনাদায়ক।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে মানুষগুলো জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আজ তাঁদেরই সম্মান ও মর্যাদা নিয়ে প্রশ্ন উঠছে। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সময় জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান মুক্তিযোদ্ধা সংগঠক  বীর মুক্তিযোদ্ধা এসএম হিরোকে লাঞ্ছিত করার ঘটনাও মুক্তিযোদ্ধাদের মর্যাদার ওপর আঘাত। এসব ঘটনা শুধু ব্যক্তিকে অপমান করা নয়, বরং মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিও অসম্মান।

সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, মাজিদ বাহাদুর, সমসুল হক চৌধুরী, করম আলী, রহমত আলী, জহরলালসহ আরও অনেকে। মানববন্ধন থেকে বক্তারা এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার সঙ্গে যেন এমন অসম্মানজনক আচরণের পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে