খুলনার দিঘলিয়ায় অভিনব কায়দায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রাখা বোমা বিষ্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে জামায়াত নেতার বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকট শব্দপ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, মঙ্গলবার ভোর পৌনে ৬ টার দিকে ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পরে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। এ সময় তিনি কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভিতরে নিয়ে রাখেন। মুড়ির প্যাকেটটি ঘরের ভিতর ফ্লোরে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে জামায়াত নেতা মনিরের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য দূর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।