বাঘায় ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ পিএম
বাঘায় ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেথুলিয়া পিরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড ভোকেশনাল এর ১২ জন শিক্ষক মিলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী মাত্র ৩ জন শিক্ষার্থীকে পাস করাতে পারেননি। ফলে উচ্চ মাধ্যমিক শাখায় কলেজটির পাসের হার শূন্যের কোঠায় নেমেছে। শিক্ষক সংখ্যা ও প্রতিষ্ঠানের দীর্ঘ পথ পরিক্রমার তুলনায় এমন ফল এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তেথুলিয়া পিরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড ভোকেশনাল এর উচ্চ মাধ্যমিক শাখা থেকে মাত্র ৩ জন এবং কারিগরি বিএম শাখা থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে কারিগরি শাখা থেকে ২৮ জন শিক্ষার্থী পাস করলেও উচ্চ মাধ্যমিক শাখার ৩ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন। কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ দুই দশকে উচ্চ মাধ্যমিক শাখায় এমন বিপর্যয় আর কখনও ঘটেনি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০০৫ সালে পাঠদানের অনুমতি লাভ করে। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও কারিগরি মিলিয়ে মোট ৪টি শাখা রয়েছে। এর মধ্যে শুধু উচ্চ মাধ্যমিক শাখার মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলে মোট শিক্ষক ১২ জন। কিন্তু দুঃখজনক, দীর্ঘ সময়েও এই ১২ জন শিক্ষকের কেউই এমপিওভুক্ত হতে পারেননি এবং তারা নিয়মিত কোনো সরকারি বা বেসরকারি বেতন-ভাতা পান না। বিনা বেতনেই তারা পাঠদান আসছেন বলে দাবি করেন। ফল বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, ‘কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম উচ্চ মাধ্যমিক শাখায় পাসের হার শূন্য হলো। এর প্রধান কারণ হলো শিক্ষার্থীরা ঠিকমতো নিয়মিত ক্লাসে আসে না। শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেষ্টা করা হলেও শিক্ষার্থীদের অনীহার কারণে এই ফল হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে