হবিগঞ্জের চুনারুঘাটে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মো. অহিদ মিয়া ওরফে ওয়াহিদ মিয়া ওরফে সাদ্দামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৯। গৎ ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন সুন্দরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাদ্দাম চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানার মামলা নম্বর-১৯, জিআর-৭৮/২১, তারিখ ১৩ মার্চ ২০২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা মামলায় পাঁচ বছরের সাজা রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।