নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গৎ ১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাঁখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান আশরাফুল ইসলামের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ আদেশের অনুলিপি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলাপ্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।