বেতন-ভাতার দাবিতে

সৈয়দপুর বাইপাস সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী-পথচারী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৫:১২ পিএম
সৈয়দপুর বাইপাস সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী-পথচারী

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহমেদ প্লাউড ফ্যাক্টরির শ্রমিকরা। ৫ নভেম্বর শ্রমিকদের এ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। বারবার পাওনা টাকা না পেয়ে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। সংসারের দৈনন্দিন খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে তাঁদের। বাধ্য হয়েই বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তাঁরা সড়কে নেমে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শ্রমিকরা দ্রুত তাঁদের পাওনা বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। এদিকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে আহমেদ প্লাউড ফ্যাক্টরির জেনারেল ম্যানেজারের (জিএম) বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি। শ্রমিকদের পাওনা পরিশোধে কারখানা কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে