দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-২৭’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর, ২০২৬) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি একযোগে দেশের ৫০৩টি উপজেলার সাথে কাউখালী উপজেলাতেও এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে মিল রেখে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজ্রু সুমন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু কাউসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের অ্যাথলেটিক্স (দৌড় ও দীর্ঘ লাফ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূলের মেধাবী শিশু-কিশোর ক্রীড়াবিদদের বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনা হবে।