যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে চাঁদপুর জেলা প্রশাসনের কড়া বার্তা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ পিএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ পিএম
যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে চাঁদপুর জেলা প্রশাসনের কড়া বার্তা

চাঁদপুর শহরের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও নান্দনিকতা বজায় রাখতে যত্রতত্র পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। সরকারি-বেসরকারি স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি ও দেওয়ালে যত্রতত্র পোস্টার না লাগানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কঠোর অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ইতোমধ্যে টানানো অবৈধ পোস্টারগুলো নিজ দায়িত্বে অপসারণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের দেওয়াল, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর, বৈদ্যুতিক খুঁটি, গাছ, সড়ক বিভাজক, সেতু, কালভার্টসহ কোনো ধরনের সরকারি-বেসরকারি স্থাপনা এবং অনুমোদনহীন স্থানে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। আইনের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ অনুযায়ী নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও পোস্টার লাগানো একটি শাস্তিযোগ্য অপরাধ।

ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক কিংবা ব্যবসায়িক প্রচারণার উদ্দেশে যেসব পোস্টার ইতোমধ্যে বিনা অনুমতিতে বিভিন্ন স্থানে লাগানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন, ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠানগুলোকে তা নিজ উদ্যোগে দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। শহরের পরিচ্ছন্নতা রক্ষা করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব উল্লেখ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতাতেই কেবল একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক চাঁদপুর শহর গড়ে তোলা সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে