বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বসত ঘরে অগ্নিসংযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৪ মার্চ, ২০২৫, ০২:৫৩ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৫, ০১:১০ পিএম
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বসত ঘরে অগ্নিসংযোগ

নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন হাওলাদারের বসত ঘরে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার দিবাগত রাতে নগরীর কাউনিয়া এলাকার শাহিন হাওলাদারের বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। সোমবার দিবাগত রাত এগারোটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন জানান, হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তিনি আরও জানান, আগুন দেয়াও একটি অপরাধ। এ ঘটনায় অভিযোগ পেলে এটিও আইনের আওতায় আসবে।

উল্লেখ্য, রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীন ও তার সহযোগিরা। নিহতের লাশের ময়নাতদন্তের পর সোমবার বিকেলে জানাজা শেষে সুরুজ গাজীকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় শাহিন হাওলাদারসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। নগরীর কাউনিয়া থানায় নিহতের বড় ভাই শাহীন গাজী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। রবিবার রাতে হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা শাহিন হাওলাদারের বসত ঘরে প্রথম আগুন ধরিয়ে দেয়। সে সময় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার রাতে দ্বিতীয় দফায় বিক্ষুব্ধ জনতা শাহিনের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়।

আপনার জেলার সংবাদ পড়তে