গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বাইপাস সংলগ্ন মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়ায় শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা হবে। কাপাসিয়াকে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও মানবিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মাহমুদুল হক বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল হক রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ হাশেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বসির উদ্দিন বাসু, প্রবাসী বিএনপি নেতা শহীদুল ইসলাম হান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, নির্বাচন প্রচারণা কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মাজহারুল হক, বিএনপির সিনিয়র নেতা জাহাঙ্গীর আলম, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, ঢাকা মহানগর বিএনপি নেতা গোলাম এমডি মঈন উদ্দিন রবিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শাহ রিয়াজুল হান্নান তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, হান্নান শাহ পরিবার যুগ যুগ ধরে কাপাসিয়ার উন্নয়নে ভূমিকা রেখে এসেছে। নির্বাচিত হলে মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে। আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আপসহীন থাকবে। সরকার গঠন করতে পারলে কাপাসিয়ায় কৃষির আধুনিকায়ন, পরিবেশবান্ধব শিল্পায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শেষে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দলমতের ঊর্ধ্বে উঠে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।