টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৮ পিএম | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৮ পিএম
টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের নেতাকর্মীরা দিন-রাত নিরলসভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকায় এলাকায় লিফলেট বিতরণ, মতবিনিময় সভা,পথসভা ও গণসংযোগ কার্যক্রম চালানো হচ্ছে।  রোববার (১ জানুয়ারি) সকালে শহরের বটতলা বাজারসহ আশপাশের ব্যবসায়িক এলাকায় দেখা যায়, একদল নেতাকর্মী সাধারণ মানুষের হাতে হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন। এ সময় তারা দোকানদার, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কথা বলে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা এবং এলাকার সার্বিক উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। নেতাকর্মীরা জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের আস্থা অর্জন করাই এই প্রচারণার মূল উদ্দেশ্য। তারা ভোটারদের সচেতন করতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে নিয়মিতভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে ভোটের গুরুত্ব বোঝানো এবং সঠিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি আরও বলেন,টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। তিনি নির্বাচিত হলে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান খাতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবেন। শাহীন চৌধুরী জানান,এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ মানুষও ধানের শীষ প্রতীকের প্রতি আগ্রহ ও সমর্থন জানাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। এদিকে, স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় ভোট দিতে আগ্রহী। অনেকেই প্রার্থীর অভিজ্ঞতা ও নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা দিন দিন আরও জোরালো হয়ে উঠছে।