বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন বাঁকা কিংবা চোরা পথে ক্ষমতায় যাওয়ার পক্ষে না। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে চাইলেই ষড়যন্ত্র করে আমরা ক্ষমতা নিতে পারতাম কিন্তু আমরা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যেতে চাই না। সেই কারনেই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনাদের (ভোটারদের) কাছে বারবার হাজির হচ্ছি। আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠণ করে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই। গৌরনদী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের শাওড়া গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেন-অতীতের যেকোন নির্বাচনের চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আলাদা। স্বাধীনতার পরে এই রকম নির্বাচন আর হয় নাই। আমাদেরকে জনগনের দোরগোড়ায় যেতে হবে। যারা কোনদিন ধানের শীষে ভোট দেয়নি, তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বুঝাতে হবে। সর্বপরি ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক খালেক হোসেন সিকদারের সভাপতিত্বে এবং যুবদল নেতা জসিম শরীফের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র সাংবাদিক খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন প্রমুখ। একইদিন গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।