বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ১১-দলীয় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনী গণ-সংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গণ-সংযোগ চলাকালে রিয়াদের নেতৃত্বে আলমগীর হোসেন, মিলন, নাসির সহ একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এতে মোহাম্মদ জাহিদ গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি নিউরো বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। নোয়াখালী জেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ দাবি করেন, স্থানীয় রিয়াজের নেতৃত্বে আলমগীর হোসেন, মিলন, নাসির, প্রদীপসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। তিনি আরও দাবি করেন, আহতদের মধ্যে একজন জুলাই আন্দোলনের সময় একটি চোখ হারিয়েছিলেন; তাকেও মারধর করা হয়েছে। অপূর্ব নামের আরেকজনের হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায়, অভিযুক্তদের আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে ওসি সামছুজ্জামান জানান।