নাটোর-১ আসনে জাপা প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৯ পিএম
নাটোর-১ আসনে জাপা প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর (কলোনী) এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা তাদের আপত্তি, ক্ষোভ ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই নির্বাচনী মাঠে নামেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না রেখে এককভাবে কার্যক্রম পরিচালনা করায় দলের নেতাকর্মীদের মাঝে  চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। নেতারা জানান, প্রার্থীর অনুপস্থিতিতে দুই-তিন দিন ধরে কিছু এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে মাইকিং করা হলেও বিষয়টি লালপুর ও বাগাতিপাড়া উপজেলার জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দ এমনকি নাটোর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দও জানতেন না। লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে কোন প্রক্রিয়ায় অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন, সে বিষয়েও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অবগত নন। তারপরও দলীয় স্বার্থে নেতাকর্মীরা লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে থাকার এবং বিজয় ছিনিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে আজ পর্যন্ত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ তার নির্বাচনী এলাকায় প্রবেশ করেননি এবং কোনো নেতা-কর্মীর সঙ্গেও যোগাযোগ করেননি। একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। বিষয়টি বারবার জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান বক্তারা। বক্তারা আরও বলেন, প্রার্থীর এমন আচরণ ও কার্যকলাপে জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দলের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। সার্বিক পরিস্থিতি ও দলীয় স্বার্থ বিবেচনায় লালপুর ও বাগাতিপাড়া উপজেলার সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, বাগাতিপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ বিষয়ে এ্যাড. সাহেদ আলী জিন্নাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে