লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর কলস প্রতীকের মিছিল ও পথসভা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৭ পিএম
লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর কলস প্রতীকের মিছিল ও পথসভা

নড়াইল-২ আসনের (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বলেছেন, নির্বাচন এলেই বেহেশতের টিকিট বিক্রি করে একটি দলের লোকে। ধর্মের দোহাই দিয়ে তারা প্রতারনার মাধ্যমে ভোট পেতে চায়। সকলে সজাগ থাকবেন। প্রতারিত হবেন না। ভালো কাজ করলে, মহান আল্লাহর এবাদৎ করলে এমনিতেই বেহেশতে যাবেন। নড়াইল ও লোহাগড়ার  গ্রামবাংলার  মানুষের আস্থার প্রতীক কলস।  এ প্রতীকে ভোট দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। আমি আপনাদের পাশে থাকবো। কলস আপনাদের মার্কা।  শনিবার (৭ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নড়াইলের লোহাগড়া উপজেলার  ঐতিহ্যবাহী লাহুড়িয়া বাজারে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী মিছিল শেষে পথসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার আলী মন্ডল,  লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক  সভাপতি মো: আহাদুজ্জামান বাটু', সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, মোঃ মিজানুর রহমান। পথসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম আরো বলেন, কলস স্বাধীনতার প্রতীক। কলস বীর মুক্তিযোদ্ধাদের প্রতীক। কলস হিন্দু-মুসলমানের প্রতীক। সর্বোপরি কলস নড়াইল ও লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতীক। কলস প্রতীকে ভোট দিলে নড়াইল-লোহাগড়ায় কোন হামলা-মামলা  হবে না। মিথ্যা মামলা হবে না। অসাম্প্রদায়িক নড়াইল গড়তে হলে কলস প্রতীকে ভোট দিতে হবে। তিনি উপস্থিত সাধারণ ভোটারদের কলস প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। লাহুড়িয়া বাজার এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রুপ নেয়।স্বতঃস্ফূর্তভাবে  হাজার হাজার সাধারণ মানুষ মিছিল ও পথসভায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে