আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে টহল ও উপস্থিতিমূলক মোটরসাইকেল টহলশোডাউন পরিচালনা করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টার দিকে কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয় সেনাবাহিনীর মোটরসাইকেল টহল শোডাউন। শোডাউনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে সেনাবাহিনীর উপস্থিতি দৃশ্যমান করা হয় বলে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ জানায়।
কাপাসিয়া সেনাক্যাম্প সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা জোরদার করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই সেনাবাহিনীর এই টহল ও শোডাউন পরিচালিত হয়েছে।
সেনাক্যাম্প কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পে সেনাসদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। যেসব প্রত্যন্ত এলাকায় যানবাহন চলাচল সম্ভব নয়, সেসব এলাকায় মোটরসাইকেলের মাধ্যমে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক জানিয়েছেন।