আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ,জবাবদিহীতামূলক,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পাবনার চাটমোহর উপজেলার ৮৭টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ লক্ষে সকল ভোট কেন্দ্রের ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,উপজেলার সকল ভোটকেন্দ্র গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে ৪ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেটা উপজেলার হেড কোয়াটারসহ বিভিন্ন জায়গা থেকে তাৎক্ষনিক মনিটরিং করা যাবে। যাতে ভোট গ্রহণ নিয়ে কোন প্রকার াপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি উপজেলার সকল ভোটারকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান,চাটমোহর একটি শান্তিপ্রিয়,সম্প্রীতির এলাকা। কেউ কোন প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার অপচেষ্টা করলে,তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান। এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং ভোটগ্রহণের জন্য সরকার সেনাবাহিনী,বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী অনেক সদস্যকে নিয়োগ করেছেন। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।