সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৩ পিএম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব
ছবি, সংগৃহিত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের সবকয়টিতেই ব্যালট পৌঁছে গেছে। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

ভোটগ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে আখতার আহমেদ বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের কর্তন করা-এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ‍্যালেঞ্জ ছিল। তবে ধাপে ধাপে ভোটগ্রহণের সময়ে আমরা পৌঁছে গেছি। 

ইসি সচিব বলেন, “আমরা সত‍্যকে ধারণ ও লালন করার অনুরোধ করছি। অপতথ‍্য, অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। সেল ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত‍্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন যোজন বিয়োজন করা হচ্ছে। যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি, এটাই সাফল্য।”

আখতার আহমেদ বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্যে কাজ করছে নির্বাচন কমিশন। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। আর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চ্যালেঞ্জ ছিলো।”

তিনি আরও বলেন, ‘মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যাবার বিষয়ের প্রজ্ঞাপনটি আজ প্রত্যাহার করা হবে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোন অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আপনার জেলার সংবাদ পড়তে