ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২০ পিএম | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৪ পিএম
ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা
ছবি, সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’ তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না। আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনও জমা দেননি এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করতে আরও কিছুদিন দায়িত্ব পালন করবেন।”

উপচার্য আরও বলেন,‘এখন আমরা সারা দেশের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করবো। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে, আমি একটি বিশেষ পরিস্থিতে দায়িত্ব নিয়েছিলাম। এটাকে আমি কোনো সময়ই নিয়মিত চাকরি মনে করিনি। উপচার্যের দায়িত্বটা আমার কাছে আমানতের মতো ছিল। ছাত্ররা আমাকে অনুরোধ করে ভালোবেসে দায়িত্ব দিয়েছিল।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তী সময়ে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. নিয়াজ আহমদ খান রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজাতে পারে, সে জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় তিনি কাজ করে যাবেন। এবং নির্বাচন-পরবর্তী সময়ে নতুন প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তরে তিনি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে