দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কালীগঞ্জ পৌর বিএনপির একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা'র নির্দেশে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন- কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম (তোতা), যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, যুগ্ম আহ্বায়ক অহেদ আলী লস্কর, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন (মোশা), মোঃ মিজানুর রহমান ও আহসান হাবিব মনা। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।