যে আসনে প্রতিদ্বন্ধিতা করছেন, সেই আসনের ভোটার নয় যে প্রার্থী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫১ এএম
যে আসনে প্রতিদ্বন্ধিতা করছেন, সেই আসনের ভোটার নয় যে প্রার্থী

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী রাজীব আহসান ভোট দিবেন মেহেন্দিগঞ্জ পৌরসভার টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। তাছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার ভোট দিবেন পৌরসভার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। অপরদিকে একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের নির্বাচনী এলাকার কোন কেন্দ্রে তার ভোট রয়েছে বা দিবেন এটা জানেন না তার দলের নেতাকর্মীরা। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন খোকনকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে বলেন, তাদের (হাতপাখা) মার্কার প্রার্থী কোন কেন্দ্রের ভোটার সেটা আধা ঘন্টা পরে জানানো হবে। আধা ঘন্টা পরে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর খোঁজ নিয়ে জানা গেছে, যে আসনে তিনি (হাতপাখা মার্কার প্রার্থী) প্রতিদ্বন্ধিতা করছেন সেই আসনে তার নিজেরই ভোট নেই। এমনকি পরিবারের কোন সদস্যেরও ভোট নেই। নির্বাচন অফিসে দাখিলকৃত (যা নির্বাচন কমিশন কর্তৃক সকল নাগরিকদের দেখার জন্য উন্মুক্ত) কাগজপত্র থেকে প্রাপ্ত তার এনআইডি নাম্বার (৪১৬৮৬৬১৬০৩) ও জন্ম তারিখ (৫-১২-১৯৭৭) দিয়ে নির্বাচন কমিশনের ওয়েব সাইডে সার্চ দিয়ে দেখা যায় তার ভোট বরিশাল-৫ আসনের রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের তৃতীয় তলায়, ভোটার নম্বর ০৬০৪৪৯২৮০৮৯০, সিরিয়াল নম্বর ২৫৪। তাছাড়া তার পৈত্রিক নিবাস বরিশাল সদর উপজেলার চরমোনাইতে। বরিশাল-৪ আসনে তিনি স্থায়ী কিংবা অস্থায়ী কোন বাসিন্দা নন। সার্বিক বিষয়ে জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৪ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়েরের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি কেউ রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ আসনের প্রতিদ্বন্ধিতা করা অপর প্রার্থীদের সমর্থকরা জানিয়েছেন, যে আসনে প্রার্থীর নিজের ভোট নেই, সেই আসনের অপর ভোটারদের জন্য তিনি কি করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে