বরিশাল জেলা ও বিভাগে স্মরণকালের নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় সারাদেশের সাথে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। শুরুর দিকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ভোট শুরুর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন, বহুস্তর নিরাপত্তা বলয় এবং জলপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকলেও বিভিন্ন আসনের প্রার্থীরা সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করছেন। এই সংশয় থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে রাতভর কেন্দ্র পাহারা দেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে মধ্যরাতে কেন্দ্র থেকে বাইরে বের হয়ে উজিরপুরের দুইজন ও বাবুগঞ্জে চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে প্রায় ১৬ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। আর গোটা বিভাগে এই সংখ্যা অর্ধ লাখেরও বেশি। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং টহল জোরদার করে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে প্রশাসন। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে মাঠে কাজ করছেন। উল্লেখ্য, বরিশাল জেলার ১০টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন ভোটার ৮৩৩টি কেন্দ্রে ৩৬ জন প্রার্থীকে ভোট দেবেন। আর বিভাগের মোট ২১টি আসনে ২ হাজার ৮৩৮টি কেন্দ্রে ৭৯ লাখ ৮১ হাজার ১০৪ জন ভোটার ১২৪ জন প্রার্থীর মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।