বরিশালের চার সহকারি প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৩ পিএম
বরিশালের চার সহকারি প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদেরস্থলে নতুন করে চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এরপূর্বে বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে স্থানীয়রা তাদের আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হেফাজতে নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। অব্যাহতি পাওয়া চার সহকারি প্রিজাইডিং কর্মকর্তা হলেন, শিক্ষক মো. সাব্বির হোসেন, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ওই চার কর্মকর্তা তার অনুমতি ছাড়াই রাতের বেলায় কেন্দ্র ত্যাগ করেন। পরে স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনকে খবর দেয়। প্রশাসন তাদের জিম্মায় নিয়ে চার সহকারি প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আসমা উল হুসনা বলেন, দায়িত্বে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্রের বাহিরে গিয়ে অন্যত্র অবস্থান করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের স্থলে ওই কেন্দ্রে নতুন চারজন সহকারি প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. শিপন ও আবদুস সালাম দাবি করেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাসেদ বেপারীর বাড়িতে বৈঠক চলাকালে ওই চার কর্মকর্তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে