ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩টি সংসদীয় আসনের ৪১৮ টি ভোটকেন্দ্রে উৎসব মুখর পরিবেশে এবং প্রশাসনিক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে।নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোটকেন্দ্র গুলোর আশেপাশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭ টা থেকে এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। আজ সকাল ৯ টায় সংবাদ সংগ্রহের জন্য ভোটকেন্দ্র পরিদর্শনকালে পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অন্যদিকে সকাল সাড়ে ন’টায় পিরোজপুর পৌরসভার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাসস এর সাথে কথা হয়, পিরোজপুর সেনা ক্যামপ কমান্ডার মেজর ইশরাক এর সাথে। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।এখন পর্যন্ত কোন অনিয়মের সংবাদ আমরা পাইনি। সকাল দশটায় সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জর্জ হাই স্কুল ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। জেলা প্রশাসন,জেলা পুলিশ ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের ৩ টি সংসদীয় আসনে ৪১৮টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী,নৌবাহিনী,বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও কোস্টগার্ড সহ ৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনের সার্বিক বিষয়ে জেলা প্রশাসক আবু সাঈদ বাসস কে বলেন,পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের স্বার্থে পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ৮ হাজারের অধিক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে । এছাড়া ভোট কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উল্লেখ্য, এবারের নির্বাচনে পিরোজপুরের ৩ টি সংসদীয় আসনে ৭টি উপজেলায় মোট ১০ লক্ষ ৪২ হাজার ৮২৭ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ ভোটার এবং ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার। এই ৩টি আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।