চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটে। ঘটনাটিতে এখন পযর্ন্ত অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন পোলিং এজেন্ট রয়েছে।
উপজেলার ১ বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আহতরা ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থক। আহত ব্যক্তিরা হলেন-শাহাদাত হুজুর (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫) ও আরিফ (৩১)। তাদের মধ্যে গুরুতর আহত দুজন হলেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম। গুরুতর আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ জানান, আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।
আহত মো. একরাম বলেন, “আমি কেন এখানে এসেছি, এই কথা বলে আমাকে পায়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখন ঠিকমতো হাঁটতেও পারছি না। হামলাকারীরা সবাই বহিরাগত ছিল।”