আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপের কারণে এবারই সর্বপ্রথম বরিশালে শান্তিপূর্ণ ভোটগ্রহন শেষে এখন চলছে ভোট গণনা। বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহন শেষে একযোগে ৮৩৩ টি ভোট কেন্দ্রে চলছে গণনা। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহণ চলাকালে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের কোথাও কোনোধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ফলাফল জানতে অধির আগ্রহী প্রার্থীদের সমর্থকরা। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে প্রায় ১৬ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং টহল জোরদার করে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে প্রশাসন। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে মাঠে কাজ করেছেন। উল্লেখ্য, বরিশাল জেলার ১০টি উপজেলা ও একটি সিটি করপোরেশন নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে ভোটার ৮৩৩টি কেন্দ্রে ৩৬ জন প্রার্থীকে ভোট দিয়েছেন।