বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাহদী আমিন বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ভোটের ফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ত্যাগ না করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নির্দেশনা দিয়েছেন।
মাহদী আমিন অভিযোগ করেন, “নির্বাচনকে বিতর্কিত করতে ভোটের আগের রাত থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি এবং কালো টাকার ব্যবহার হয়েছে। অনেক জায়গায় জনগণ ও দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী এসব অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
‘বিভিন্ন স্থানে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া মৃত ব্যক্তির নামে ভোট প্রদান এবং অনেক ভোটার নিজ ভোট দিতে না পারার অভিযোগ পাওয়া গেছে’-অভিযোগ করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, “নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে।”