ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ঢাকা-১১ আসনের প্রাথমিক ফলাফলে ২ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন।
নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। নাহিদ ইসলাম কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে এ ফল ঘোষণা করেন।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৭৫ ভোট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ ১ হাজার ৪৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তর ফুটবল প্রতীক নিয়ে ৭৯৪ ভোট পেয়েছেন।
এদিকে ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। ভোট পড়ার হার ৪৫ শতাংশ।