পিরোজপুরে ২টি আসনে ৮ জনের জামানত বাজেয়াপ্ত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৩ পিএম
পিরোজপুরে ২টি আসনে ৮ জনের জামানত বাজেয়াপ্ত

পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনের মধ্যে ২টি আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন এবং পিরোজপুর-৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন রয়েছেন। প্রদানকৃত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নানের দেওয়া তথ্যে জানা গেছে। তথ্য সূত্রে জানা গেছে, 

পিরোজপুর-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে বৈধ ভোট প্রদানের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ২৩৮। যার আট ভাগের এক ভাগ ২৮ হাজার ৭৭৯ ভোটের কম ভোট পাওয়ায় এ আসনে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন, বিএনপির বিদ্রোহী ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন, প্রাপ্ত ভোট ১৬ হাজার ২১৯, তার আপন ভাই জেপির সাইকেল প্রতিকের প্রার্থী মাহিবুল হোসেন, প্রাপ্ত ভোট ৪ হাজার ৭০৫, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ, প্রাপ্ত ভোট ৬ হাজার ৬৯৭ ভোট, ঈগল প্রতিকের প্রার্থী ফয়সাল খান, প্রাপ্ত ভোট ৩৯০ এবং গণ অধিকার পরিষদ এর ট্রাক প্রতিকের প্রার্থী আনিসুর রহমান মুন্না, প্রাপ্ত ভোট ১৪৫। 

পিরোজপুর-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন, এর মধ্যে বৈধ ভোট প্রদানের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯৮৭। যার আট ভাগের এক ভাগে ১৭ হাজার ১২৩ ভোটের কম ভোট পাওয়ায় এ আসনে ৩ জন জামানত হারিয়েছেন।  এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাসদের মোটর গাড়ী প্রতিকের প্রার্থী করিম সিকদার, প্রাপ্ত ভোট ২১২, ফুটবল প্রতিকের প্রার্থী মো: তৌহিদুজ্জামান, প্রাপ্ত ভোট ২৩১ ভোট এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতিকের প্রার্থী মো: মাশরেকুল আযম (রবি),  প্রাপ্ত ভোট ১৬৯। প্রসঙ্গত পিরোজপুরের ৩টি আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের মাত্র দু’জন প্রার্থী ছিলেন। নির্বাচিত হন জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ ও ৩ আসনে বিএনপি থেকে আহমেদ সোহেল মঞ্জুর ও রুহুল আমীন দুলাল নির্বাচিত হন।