ভালোবাসা নেমে এসেছে পুরো বরিশালজুড়ে। তাইতো পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে প্রিয় মানুষটির গুরুত্ব বোঝাতে ফুলের দোকান গুলোতে ছিল তরুন থেকে বৃদ্ধ নানা বয়সের মানুষদের ভিড়। দিবসটিকে কেন্দ্র করে সবচেয়ে বেশি চাহিদা গোলাপ ফুলের। বরিশালের বিভিন্ন ফুলের দোকান ঘুরে দেখা গেছে, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে গোলাপসহ বিভিন্ন ফুলের কেনাবেচা। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, রথস্টিক, জিপসি, গ্যালেনডোলা, চন্দ্রমল্লিকা, বোথাম, সূর্যমূখী ফুলের চাহিদা ছিলো বেশি। ভালো মানের গোলাপ ফুল ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া রজনীগন্ধার স্টিক মানভেদে ৫০ টাকা, প্রতিটি গাঁদার মালা ১২০ টাকা, জারবেরা ফুল ৫০ টাকা, অর্কিড স্টিক ৮০ টাকা, সূর্যমুখী ফুল প্রতিটি ২০০ টাকা করে বিক্রি হয়েছে। ভালোবাসা দিবসে স্ত্রী ময়না বেগমকে ফুল কিনে দিতে দোকানে এসেছেন মিরাজ হোসাইন। তার সাথে কথা হলে তিনি বলেন, আগে যখন প্রেম করতাম তখনও ফুল কিনে দিয়েছি। আর এখন তো স্ত্রী। এখনও কিনে দেই। মৃত্যুর আগ পর্যন্ত ১৪ ফেব্রুয়ারি এমন করে পালন করতে চাই। তানভির আহম্মেদ অভি নামের আরেক ক্রেতা জানান, ভালোবাসা শুধু যে প্রেমিক প্রেমিকা তা নয়, ভালোবাসা মা-বাবাসহ পরিবারের সকলের জন্য। মায়ের জন্য ফুল কিনতে এসেছি। বাসায় গিয়ে মাকে ফুল দিবো। এদিকে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দম ফেলার ফুসরত নেই ফুলের দোকানীদের। গাজী ফুল ঘরের ব্যবসায়ী মুজাহার গাজী বলেন, এবছরের শুরু থেকেই বিভিন্ন দিবসে ফুল বেচা কেনা বেড়েছে। বসন্ত আর ভালোবাসা দিবসে নানান ফুল সরবরাহ করা হয়েছে। তবে দাম আগের তুলনায় বেশি হলেও বেচা কেনা ভালো।