জানাল হিন্দুস্তান টাইমস

তারেক রহমানের শপথে মোদির যোগদানের সম্ভাবনা কম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৪ এএম
তারেক রহমানের শপথে মোদির যোগদানের সম্ভাবনা কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। দলীয় প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তবে সেই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের সম্ভাবনা কম বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। একই দিনে ম্যাক্রোঁ ভারতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন। এ কারণে মোদির ঢাকা সফরের সম্ভাবনা ক্ষীণ বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার পক্ষ থেকে আমন্ত্রণপত্র শনিবার গভীর রাতে ভারতীয় কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর আগে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছিলেন, আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

হিন্দুস্তান টাইমস বলছে, মোদির পরিবর্তে ভারতের একজন উচ্চপদস্থ প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ভাইস প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি বলে সূত্রের বরাত দেওয়া হয়েছে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রীও আমন্ত্রিত হতে পারেন। একই মঞ্চে উপস্থিত থাকার বিষয়টি নিয়েও কূটনৈতিক বিবেচনা রয়েছে।”

প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে নিম্নমুখী হয়েছিল, তা পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। ভবিষ্যতে দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি মোদির এই শুভেচ্ছা বার্তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়েছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে ঢাকার।

আপনার জেলার সংবাদ পড়তে