মন্ত্রিপরিষদ সচিবের চুক্তি বাতিল ইস্যুতে মুখ খুলল প্রধান উপদেষ্টার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৯ পিএম
মন্ত্রিপরিষদ সচিবের চুক্তি বাতিল ইস্যুতে মুখ খুলল প্রধান উপদেষ্টার কার্যালয়

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে ব্যক্তিগত কারণে নির্বাচনের কিছুদিন আগেই তিনি প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান।

প্রেস উইং জানায়, নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন। বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

একই দিন রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে বিষয়টি ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি লেখেন, “মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত কারণেই সচিব দায়িত্ব ছাড়ার আবেদন করেছিলেন এবং প্রশাসনিক ধারাবাহিকতার স্বার্থে নির্বাচনকাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনিক মহলে এ পরিবর্তন নিয়ে আলোচনা থাকলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ের বক্তব্যে পরিষ্কার করা হয়েছে, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং আগেই জানানো ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে নেওয়া পদক্ষেপ।

আপনার জেলার সংবাদ পড়তে