বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম নির্বাচন পরবর্তী তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচনী পুরো সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে দিন-রাত পরিশ্রম করেছেন। অনেক বয়োবৃদ্ধ মানুষ, দিনমজুর ও শ্রমজীবী ভাইদের সবকিছু ফেলে রেখে রাত জেগে অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেছে। তাদের এই ত্যাগ ও আন্তরিকতা সত্যিই অনুকরণীয়। তিনি আরও বলেন, তৃণমূল সংগঠনের প্রতিটি নেতাকর্মী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে যে ত্যাগ তারা স্বীকার করেছেন, তার উত্তম প্রতিদান নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ফলাফল নিয়ে তিনি মোটেও হতাশ নন। প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতা অনুযায়ী যে ফল পাওয়া গেছে, তা স্বাভাবিক বলেই তিনি মনে করেন। জনগণ তাদের নিজস্ব চিন্তা ও বিবেচনা অনুযায়ী ভোট দিয়েছেন-এ নিয়ে তার কোনো দুঃখ, আক্ষেপ কিংবা অভিযোগ নেই। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের শ্রম, ঘাম ও স্বপ্ন জড়িয়ে আছে। যারা কল্যাণভিত্তিক রাজনীতি করতে চান, তাদের সঙ্গে নিয়েই সংগঠনকে আরও শক্তিশালী করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান হাতপাখা প্রতীকের এই প্রার্থী।