শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৬ পিএম
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ট্রেড ইউনিয়ন করায় বরিশাল নগরীর সোনারগাঁও টেক্সটাইলের দুইজন শ্রমিক নেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, তাদের অধিকার নিশ্চিতের অংশ হিসেবে ট্রেড ইউনিয়ন করায় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহ-সাধারণ সম্পাদক খুকু মনিকে ছাঁটাই করা হয়। যা পুরোপুরি অমানবিক ও অগণতান্ত্রিক। দ্রুততম সময়ের মধ্যে তাদের কাজে ফিরিয়ে না নিলে কঠোর আন্দোলনে নামা হবে বলেও তারা হুঁশিয়ারি প্রদান করেন। এরপূর্বে নগরীর রুপাতলীর ওই কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শেষে রবিবার সন্ধ্যার পর শ্রমিকরা রাত নয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে চরম দুর্ভোগে পড়েছিলো ওই রুটের যাত্রীরা। অবরোধের ফলে ঢাকার সাথে বরিশাল বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পরেছিলো। এ সময় ছাঁটাই হওয়া সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে কাজে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনে অংশগ্রহণ করা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদের অধিকার। সেই অধিকার ক্ষুন্ন করতে সোনারগাঁও টেক্সটাইল মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর অন্যায়ভাবে ছাঁটাই ও নিপীড়ন চালাচ্ছে। সর্বশেষ ট্রেড ইউনিয়ন করার কারণে দুইজন শ্রমিক নেতাকে চাকরি থেকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। এটা অন্যায় এবং অমানবিক। অবিলম্বে চাকরিচ্যুত ওই দুই শ্রমিক নেতাকে কাজে ফিরিয়ে নিতে হবে। অন্যথায় শ্রমিকরা কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে