কিশোরগঞ্জে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৯ পিএম | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৯ পিএম
কিশোরগঞ্জে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।  বিক্রি করা পণ্যের মধ্যে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় বাস্তবায়নাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক পবিত্র রমজান উপলক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ হতে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত ২০দিন ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে শুক্রবার ও ছুটির দিন ব্যতীত দৈনিক ৪০০ জন নিম্ন আয়ের জনসাধারণের নিকট পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে । মংগলবার দুপুরে জেলা শহরের কাচারি বাজারে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন। এসময় উপস্থিত ছিলেন  সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, ট্যাগ অফিসার প্রকল্প কর্মকর্তা ( প্রজীপ) মো: মোজাম্মেল হক, সহযোগী ট্যাগ অফিসার  প্রজীপ মাঠ সংগঠক মো.আল মামুন, টিসিবি ডিলার হেমা ঐশী এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী আশরাফুল আলম শরীফ প্রমুখ।

সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ জানিয়েছেন, ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রয়ের জন্য জেলা স্মরণী মোড়, মোরগ মহল, পৌরমার্কেট সংলগ্ন, শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন, একরামপুর সিএনজি স্ট্যান্ড, উপজেলা পরিষদ,গাইটাল পুকুর পাড়, গাইটাল ফার্মের মোড়, জালালপুর বাজারে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রয়ের জন্য নির্ধারিত করা হয়েছে। উক্ত বিক্রয় কার্যক্রম তদারকি করার জন্য প্রতি স্থানে একজন ট্যাগ অফিসার ও একজন সহযোগী ট্যাগ অফিসার প্যানেল কার্যক্রম তদারকি করবেন।

ডিলারের ট্রাক থেকে পণ্য সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে জনসাধারণের কাছে বিক্রয় নিশ্চিত করা, প্রতিদিনের পণ্য বিক্রয় রিপোর্ট (বিক্রিত পণ্য, অবশিষ্ট পণ্য ও ক্রেতার সংখ্যা) পেশ,ডিলার যেন কোনোভাবেই পণ্যের মজুত বা কালোবাজারি করতে না পারে, তা নিশ্চিত করার জন্য এসব ট্যাগ অফিসার দেওয়া হয়েছে।

তিনি আরও জানিয়েছেন প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।  একজন ভোক্তা ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), চিনি ১ কেজি (প্রতি কেজি ৮০ টাকা), মসুর ডাল ২ কেজি (প্রতি কেজি ৭০ টাকা), ছোলা ১ কেজি (প্রতি কেজি ৬০ টাকা), খেজুর আধা কেজি (১৬০ টাকা) করে কিনতে পারবেন ।

আপনার জেলার সংবাদ পড়তে