সোনারগাঁয়ে

মোবাইল চুরির আখ্যা দেওয়ায় ৫ জনকে ছুরিকাঘাতে জখম

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২২ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২২ পিএম
মোবাইল চুরির আখ্যা দেওয়ায় ৫ জনকে ছুরিকাঘাতে জখম

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল চুরির আখ্যা দেওয়ায় ৫ জনকে ছুরিকাঘাতে জখম করেছে আমিন মিয়া নামে এক দুর্বৃত্ত। গত বুধবার রাত ১২ টার দিকে উপজেলার কাচঁপুর পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। এলাকাবাসী দুর্বৃত্ত ওই যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় পারটেক্স খেলার মাঠ থেকে নিরব নামে একজনের মোবাইল চুরি হয়ে যায়। খবর পেয়ে নিরব ৫/৭ জনকে সাথে নিয়ে রাতেই মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত আমিন মিয়াকে চাপ দিতে থাকে। অভিযুক্ত আমিন মিয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠে নিয়ে যায়। এসময় তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আমিন মিয়া উত্তেজিত হয়ে ৫ জনকে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে জখম করে। আহতরা হলেন, নিরব মিয়া, মোঃ সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। আহতরা সবাই কাচঁপুর রায়েরটেক এলাকার বাসিন্দা। পরে আহত ৫ জনের পরিবার ও এলাকাবাসী খবর পেয়ে আমিন মিয়াকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযুক্ত আমিন মিয়া কাচঁপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এঘটনায় ছুরিকাঘাতে মারাত্মক আহত নিরব মিয়ার খালা শিউলি রাত ৩ টায় বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ সাংবাদিকদের জানান, এঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে