বরিশালে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫২ পিএম
বরিশালে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় বৌসেরহাট বাজারের অদূরে বুধবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সাথে একইবাড়ির আওয়ামী লীগ নেতা জাকির চৌধুরী এবং তার ছোট ভাই কবির চৌধুরীর জমিজমা ও একটি সমিতির টাকা নিয়ে বিরোধ চলে আসছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেই বিরোধের জেরধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বৌসেরহাট বাজারে ইজারা উত্তোলনের কাজ করেন। তারাবির নামাজ চলাকালে তিনি বাইসাইকেলযোগে বাসার উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে বাদামতলা নামক এলাকায় পৌঁছলে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশের একটি ডোবার মধ্যে ফেলে রাখা হয়। উদ্ধারের পর নিহতের পরিহিত পোশাকের পকেট থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার করা হয়েছে। রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ নিহতের পারিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, দেলোয়ার হোসেন চৌধুরীর সাথে একইবাড়ির জাকির চৌধুরীর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই বিরোধের জেরধরে এ নৃশংস খুনের ঘটনা ঘটেছে। এর আগে দীর্ঘ বছরপূর্বে দেলোয়ার হোসেনের বাবা উত্তর কড়াপুর গ্রামের নজির চৌধুরীকেও অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছিলো। বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। ওসি আরও জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেল সংলগ্ন রাস্তার পাশের ডোবার পানিতে ভেসে থাকা একটি লাশ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে