ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার দুপুরে দৌলতখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যুবদল নেতা আজাদ বলেন, তার ভাইগনা ইমন ও দিহান বিভিন্ন ভুয়া আইডি ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত ইমেজ ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় তিনি দৌলতখান থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে আজাদ বলেন, ভোলা-২ আসনেরএমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের আদর্শ ধারণ করে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ন্যায়-নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান রেখে রাজনীতি করে আসছি। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। সম্প্রতি জমিজমাকে কেন্দ্র করে ফেসবুকে বিভিন্ন আইডি দিয়ে এই চক্রটি মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, এ বিষয় থানায় জিডি করা হয়েছে। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।