জাতীয় সংসদের স্পিকার পদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে এডভোকেট জয়নুল আবেদীন-এর নাম বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী মহলে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সিনিয়র আইনজীবী। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি'র মনোনয়ন নিয়ে ১২১ বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচন আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক পরিসরে সক্রিয় ভূমিকা-এসব দিক থেকে তিনি স্পিকার পদের আলোচনায় এগিয়ে রয়েছেন। বিশেষ করে সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা, রুলিং প্রদান ও বিতর্ক ব্যবস্থাপনায় অভিজ্ঞ আইনজীবীর ভূমিকা কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ, সংসদীয় শৃঙ্খলা রক্ষা এবং সংসদ সদস্যদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ দায়িত্ব পালনে রাজনৈতিক নিরপেক্ষতা, প্রশাসনিক দক্ষতা এবং গভীর সাংবিধানিক জ্ঞানের সমন্বয় অপরিহার্য। এডভোকেট জয়নুল আবেদীন দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্বতার সমন্বয় বিবেচনায় রেখেই তাঁর নাম আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ভিন্নমুখী মতও রয়েছে। একাংশের মতে, অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে তিনি সংসদের কার্যক্রম পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন-স্পিকার পদে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংসদীয় সমীকরণ, রাজনৈতিক সমঝোতা ও দলীয় কৌশলের ওপর। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পুরো বিষয়টি অনুমান ও আলোচনার পর্যায়েই রয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আসন্ন সংসদ অধিবেশন ঘিরে স্পিকার পদে কে আসছেন-তা নিয়ে জল্পনা-কল্পনা আরও বাড়তে পারে। জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এ গুরুত্বপূর্ণ পদে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিত্ব নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে।