বাবুগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪০ পিএম
বাবুগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

বিনম্র শ্রদ্ধা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাবুগঞ্জে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করেন বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত, বাণী পাঠ, প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং একুশে ফেব্রুয়ারির মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার সকাল সাড়ে ১০টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। প্রভাতফেরীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, বাবুগঞ্জ থানার এসআই মোঃ ইকবাল কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না এবং বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ জায়েদ খান।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রউফ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে